স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল, বাণিজ্য সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি পরীক্ষিত উন্নয়ন অংশীদার এবং বর্তমান সরকারের মেয়াদে দুই পক্ষের সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণ করতে আগ্রহী।
পুলিশ সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে এবং এ ক্ষেত্রে ইইউ থেকে কনসালটেন্সি সার্ভিসের মাধ্যমে কারিগরি সহায়তা পাওয়া যেতে পারে। তিনি আরও বলেন, ইইউ পুলিশের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে আগ্রহী।
বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
দুর্নীতি দমন কৌশল প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের একটি সুসংগঠিত ও শক্তিশালী দুর্নীতি দমন নীতি থাকা প্রয়োজন এবং ইইউ এ বিষয়ে কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিতে প্রস্তুত। মন্ত্রী এ প্রস্তাবে একমত প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো দ্রুত চিহ্নিত করে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান এবং ইইউ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে