বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ: মাইকেল মিলার
বাংলাদেশের চলমান পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায়। একই সঙ্গে দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি পূর্ণ আস্থা প্রকাশ করেন।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মাইকেল মিলার বলেন, দেশে যা ঘটছে, সে বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমান সময়কে একটি সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন এমন একটি প্রবণতা রয়েছে যে—এটি একটি সন্ধিক্ষণ, সবকিছু বদলে যাচ্ছে। তবে আমার পূর্ণ আস্থা আছে যে, নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।’
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, আগামী দিনে দুই পক্ষের অংশীদারত্ব আরও জোরদার হবে।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, এ উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে আরও ভালো প্রস্তুতি নেবে বলে আশা করে ইউরোপীয় ইউনিয়ন।
মতামত দিন