বাংলাদেশের সংস্কার কাজে ধারাবাহিক সহায়তার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের
বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে ধারাবাহিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, বাংলাদেশ ও ইইউর দীর্ঘদিনের সম্পর্ক এখন একটি বহুমাত্রিক ও বিস্তৃত অংশীদারত্বে পরিণত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাতে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন এবং সুশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সফরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। এ সফরের অন্যতম লক্ষ্য হলো- অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) বিষয়ক আলোচনা প্রক্রিয়ার প্রাথমিক ধাপ সম্পন্ন করা, যা দুই পক্ষের সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী করবে।
ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা ইইউকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্যের অংশীদার হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে