Views Bangladesh Logo

রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞান প্রশ্নেও ভুলের অভিযোগ

অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রসায়নের পর এবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ইংরেজি সংস্করণের প্রশ্নেও অসঙ্গতির অভিযোগ উঠেছে। ইংরেজি সংস্করণের পরীক্ষার্থীদের দাবি, নৈর্ব্যক্তিক অংশের তিনটি প্রশ্নে অনুবাদগত ভুল ও অসম্পূর্ণতা থাকায় তারা বিভ্রান্ত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিভিন্ন শিক্ষার্থী অভিযোগ করেন, ইংরেজি সংস্করণের ‘গ’ সেটের ১৫, ১৮ ও ২৫ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্নে বাংলা সংস্করণের সঙ্গে অসামঞ্জস্য রয়েছে।

নটরডেম কলেজের পরীক্ষার্থী তাহমিদ তাজওয়ার বলেন, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের সময় বিভ্রাট ঘটেছে। কিছু প্রশ্ন অসম্পূর্ণ থাকায় পরীক্ষার হলে সঠিক উত্তর দিতে তারা দ্বিধায় পড়েন। তাই ওই তিনটি প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়ার দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, ১৮ নম্বর প্রশ্নে ‘মায়োপিয়া’ শব্দটি বাদ পড়ে গেছে। আর ২৫ নম্বর প্রশ্নে ‘স্পার্মাটিড’ শব্দটি উল্লেখ না থাকায় প্রশ্নটি অসম্পূর্ণ হয়ে যায়। এছাড়া ১৫ নম্বর প্রশ্নেও বাংলা ও ইংরেজি সংস্করণের মধ্যে অর্থগত পার্থক্য ছিল।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, ইংরেজি সংস্করণের কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নে ভুল থাকার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে।

আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানান, ছয়জন বিষয়বিশেষজ্ঞ প্রশ্নগুলো পর্যালোচনা করছেন। তাদের প্রতিবেদনে প্রশ্নে ভুল প্রমাণিত হলে পরীক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১৯ জুলাই অনুষ্ঠিত এইচএসসির রসায়ন প্রথম পত্র পরীক্ষার ইংরেজি সংস্করণের একটি সৃজনশীল প্রশ্নেও অসঙ্গতির অভিযোগ উঠেছিল। তখনও শিক্ষা বোর্ড বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ