Views Bangladesh Logo

সমানাধিকার প্রতিষ্ঠায়ই বাস্তবায়ন হবে স্বাধীনতার চেতনা: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, দেশে সমানাধিকার, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলেই স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়িত হবে।

রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, বাংলাদেশের স্বাধীনতা জাতির সর্বোচ্চ গৌরবের বিষয়। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সামাজিক বৈষম্য দূর করা এবং অর্থনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক মুক্তি নিশ্চিত করা। কিন্তু স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পার হলেও প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে এখনও ব্যবধান রয়ে গেছে।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি ঐতিহাসিক অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বর্বরতার নির্মম উদাহরণ হয়ে আছে।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ফার্মেসি অনুষদের ডিন ড. মো. সেলিম রেজা এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতারাও সভায় বক্তব্য রাখেন।

উপাচার্য বলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি নিজেকে ‘ফ্যাসিলিটেটর’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশে আর কোনো বৈষম্য বা স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে না এবং নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ