সমান ৫ উইকেট, বলও ভাগ করে নিলেন টাং-রবিনসন
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সমান পাঁচটি করে উইকেট নিয়েছেন ইংল্যান্ডের দুই পেসার জশ টাং ও ওলি রবিনসন। তাঁদের বোলিংয়ে প্রথম দিনেই ১৭১ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
১৮ ওভার বল করে ৫১ রানে ৫ উইকেট নিয়েছেন রবিনসন। টেস্ট ক্যারিয়ারের ২২তম ম্যাচে এটি তাঁর পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেট শিকার। অন্যদিকে রবিনসনের প্রায় অর্ধেক ওভার বল করেই ৪৬ রানে ৫ উইকেট নিয়েছেন টাং। ১৩ টেস্টের ক্যারিয়ারে এটি তাঁর চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট।
টেস্টে একই ইনিংসে ইংল্যান্ডের দুই বোলারের পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এটি ১৬তমবার। এর আগে সর্বশেষ এমন ঘটনা দেখা গিয়েছিল ২০০৬ সালে। ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে সাইমন হার্মিসন ও মন্টি পানেসার ১০ উইকেট ভাগাভাগি করেছিলেন।
সাধারণত ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বোলারকে ম্যাচ শেষে সেই বলটি দেওয়া হয়। স্মৃতি হিসেবে বলটি নিজের কাছে রাখেন তিনি। এবারও টাং ও রবিনসনের হাতে বল তুলে দেওয়া হয়েছিল। তবে দুজনই সমান পাঁচ উইকেট নেওয়ায় দেখা দেয় নতুন সমস্যা—একটি বল কীভাবে দুজন ভাগ করে রাখবেন?
সমাধানটাও বের করে ফেলেন রবিনসন। মাঠ ছাড়ার সময় টাংকে তিনি প্রস্তাব দেন, বলটি দুজনের মধ্যে ভাগ করে নেওয়া হোক। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রবিনসন বলেন, ‘আমরা যখন একসঙ্গে মাঠ ছাড়ছিলাম, তখন আমি টাংকে বললাম, আমার মনে হয় এই বলটা আমাদের ভাগ করে নেওয়া উচিত। এমন কথা শুনে টাং বলল, এমনটা করলে দারুণ হবে।’
রবিনসন বলেন, একই ইনিংসে দুজন বোলারের সমান পাঁচ উইকেট নেওয়ার ঘটনা নিয়মিত ঘটে না। তাই বলটি ভাগ করে রাখলে সেটি তাঁদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
মতামত দিন