এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২ জুলাই থেকে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং আলিম পরীক্ষা উপলক্ষে ঢাকা মহানগরীর সব পরীক্ষাকেন্দ্রের জন্য এই আদেশ কার্যকর হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার এই নিষেধাজ্ঞা জারি করেছেন। আগামী ২ জুলাই লিখিত পরীক্ষা শুরুর দিন থেকে শুরু করে পুরো পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এই আদেশ কঠোরভাবে বলবৎ থাকবে।
আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এই পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে সবাইকে নির্ধারিত কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে। বিশেষ পরিস্থিতিতে দেরিতে আসা শিক্ষার্থীদের তথ্য রেজিস্টারে সংরক্ষণ করে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
মতামত দিন