জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী
জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার ওপর দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
মন্ত্রী বলেন, একটি সফল রাষ্ট্র গড়ার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র এই তিনটি স্তর একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভিন্নমত ও বিভেদ ভুলে টিম হিসেবে কাজ করলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা মানে শুধু প্রশাসনিক কাঠামো ঠিক করা নয়; বরং জনগণের আস্থা পুনরুদ্ধার করা। কার্যকর প্রতিষ্ঠানই শক্তিশালী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি। তাই সরকারের পুনর্গঠন কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
মন্ত্রী গ্রামীণ মানুষের কষ্টকে বাস্তব সামাজিক সত্য হিসেবে উল্লেখ করে বলেন, “কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ধীরে ধীরে তাদের কষ্ট দূর করতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর পরিষ্কার বার্তা হলো আইনশৃঙ্খলা উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করে জনগণের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা।”
এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত। দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সবাই মিলে কাজ করতে হবে। নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা জনগণের সঙ্গে করা সামাজিক চুক্তি। তাই নিরাপদ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী পরিবেশ তৈরি করতে মন্ত্রণালয়কে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিলে নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার বাস্তবায়ন সম্ভব। একটি কল্যাণমুখী, মানবিক ও টেকসই রাষ্ট্র গঠনে এই মন্ত্রণালয়ের আন্তরিক উদ্যোগই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে