ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে: প্রধানমন্ত্রী
বিদ্যুৎ ও গ্যাস-সংকট নিয়ে সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।’
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও দরিদ্রদের মধ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস-সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংকট সমাধানে সরকার কাজ করছে। এ জন্য সময় প্রয়োজন।
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এলএনজি টার্মিনাল নির্মাণের একটি উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমান সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে।
বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলায় চীন ও মালয়েশিয়ার সঙ্গেও সরকারের আলোচনা চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, শুধু সমালোচনা না করে সংকট সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা দিতে হবে। বিরোধী দলগুলোর কাছে তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ-সংকট সমাধানের পরিকল্পনা থাকলে সরকার তা গ্রহণ করবে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, সেগুলো সরকার গ্রহণ করবে। যদি না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
তিনি আরও বলেন, বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। জনগণের উপকার হবে—এমন পরিকল্পনা থাকলে উপস্থাপন করুন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।
এর আগে একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাসের সংকটে কষ্ট পাওয়ায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছেন এবং সরকার দ্রুত এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।
মতামত দিন