Views Bangladesh Logo

না ফেরার দেশে ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা মারিয়ান ফেইথফুল

ব্রিটিশ অভিনেত্রী ও সংগীতশিল্পী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) লন্ডনে ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মুখপাত্র এএফপিকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

১৯৬০-এর দশকের অন্যতম আলোচিত তারকা ফেইথফুল সংগীতজগতে বিশেষভাবে পরিচিত ছিলেন ‘আ টিয়ার্স গো বাই’ গানের জন্য। এ ছাড়া ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’ ও ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’-এর মতো গানও তাকে জনপ্রিয়তা এনে দেয়। অভিনয়জগতে তিনি ‘দ্য গার্লস অন আ মোটরসাইকেল’সহ ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’ ও ‘শপিং’-এর মতো সিনেমায় কাজ করেছেন।

১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনের হ্যাম্পস্টেডে জন্মগ্রহণ করেন মারিয়ান ফেইথফুল। তার সংগীতজীবন শুরু ১৯৬৪ সালে। দ্য রোলিং স্টোনসের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যাম তাকে খুঁজে পান। ফেইথফুলের সবচেয়ে জনপ্রিয় গান ‘আ টিয়ার্স গো বাই’ রোলিং স্টোনসের মিক জ্যাগার ও কেইথ রিচার্ডসের লেখা।

৫০ বছরের বেশি সময় ধরে সঙ্গীত চর্চা করা এই শিল্পী ১৯৬৫ সালে নিজের নামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর আরও ২১টি অ্যালবাম প্রকাশ করেন, সর্বশেষটি ছিল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শী ওয়াকস ইন বিউটি’।

১৯৬৬ থেকে ১৯৭০ সালের মধ্যে মিক জ্যাগারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। ১৯৬৫ সালে তিনি ম্যাক্সিকান-ব্রিটিশ শিল্পী জন ডানবারকে বিয়ে করলেও তাদের দাম্পত্য এক বছর টিকেছিল। পরবর্তী সময়ে আরও দুটি বিয়ে করলেও কোনো সম্পর্কই স্থায়ী হয়নি।

১৯৮১ একবার গ্র্যামি মনোনয়ন পেলেও পুরস্কার পাননি। ১৯৯৪ সালে 'ফেইথফুল’ শিরোনামে তিনি নিজের আত্মজীবনী লিখেন। তিনি ২০০৯ সালে উইমেনস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা পান। ২০১১ সালে ফ্রান্স সরকার তাকে দেশটির অন্যতম সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান প্রদান করে।

মারিয়ান ফেইথফুলের মৃত্যুতে সংগীত ও অভিনয়জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বিশ্বসংগীত ও চলচ্চিত্রপ্রেমীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ