বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা। এর সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে আসা আরও একটি দল যুক্ত হবে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপেও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল যুক্ত হবে।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। অন্য স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদের বাছাইপর্বে খেলতে হবে।
১০ দলের বাছাইপর্ব থেকে একটি দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা করে নেবে। আরেকটি দল আসবে নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ থেকে।
আগামী বিশ্বকাপে দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৪ করা হয়েছে। তবে সব দল সরাসরি মূল গ্রুপ পর্বে জায়গা পাবে না। নতুন কাঠামো অনুযায়ী, বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিন দল এবং র্যাঙ্কিংয়ে ১২, ১৩ ও ১৪তম অবস্থানে থাকা তিন দলের মধ্যে ‘সুপার সিরিজ’ অনুষ্ঠিত হবে। এই পর্ব থেকে একটি দল মূল গ্রুপ পর্বে জায়গা পাবে।
গ্রুপ পর্বে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সর্বোচ্চ অবস্থানে থাকা একটি দলসহ মোট সাত দল নিয়ে হবে ‘সুপার সেভেন’ পর্ব।
সুপার সেভেন পর্ব শেষে শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলবে। এরপর সেমিফাইনালের বিজয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
মতামত দিন