Views Bangladesh Logo

চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশের সামনে প্রকৌশলীকে মারধর

চট্টগ্রামের আনোয়ারায় যুবদল নেতা পরিচয়ে ৫০ শতাংশ চাঁদা দাবি এবং তা না পেয়ে প্রকৌশলীসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের ওপর হামলার চেষ্টা চালানো হয়।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারায় ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) প্রকল্পের বাইরে এ ঘটনা ঘটে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় আলী হোসেন। আহতরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলী শাহরিয়ার আমির ও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন। এ সময় প্রতিষ্ঠানের অংশীদার ও স্থানীয় সংবাদকর্মী জিন্নাত আইয়ুবও হামলার শিকার হন।

আহত প্রকৌশলী শাহরিয়ার আমির অভিযোগ করেন, আলী হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। ওই এলাকায় ব্যবসা করতে হলে তাকে ৫০ শতাংশ চাঁদা দিতে হবে বলে দাবি করা হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাঁদা দিতে রাজি না হওয়ায় বুধবার সকালে আলী হোসেনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে মারধর শুরু করে বলে অভিযোগ করেন শাহরিয়ার আমির। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান।

তিনি আরও বলেন, ঘটনার পর তারা কর্ণফুলী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা ফের তাদের ওপর চড়াও হয়ে মারধর ও হামলার চেষ্টা চালায়।

মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আলী হোসেনসহ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ তাদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও নিরাপত্তা দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে আলী হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগের ভিত্তিতে ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নিয়েছে।

এদিকে যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আলী হোসেন নামের কোনো বিএনপি কর্মীকে আমি চিনি না। আপনারা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ