Views Bangladesh Logo

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৯ জেলেকে জীবিত উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গত ৮ জুলাই হাতিয়া থেকে এফবি মা-২ নামের একটি ফিশিং বোট ১৯ জন জেলেকে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যায়। ১৩ জুলাই বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

দুই দিন পর বুধবার সকাল ১০টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে কোস্টগার্ডকে বিষয়টি জানান।

খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন ‘সুরক্ষা’-এ নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। পরে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ