Views Bangladesh Logo

জ্বালানি সংকটে নতুন সময়সূচি: অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ মার্কেট

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের অফিস সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগে অফিস সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত। অর্থাৎ এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে কর্মঘণ্টা।

এছাড়া দেশের সব দোকানপাট, শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান—যেমন হাসপাতাল, ফার্মেসি, হোটেল ও কাঁচাবাজার—এই নির্দেশনার বাইরে থাকবে।

বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বিষয়টি জানান।

এর আগে ব্যবসায়ী সংগঠনগুলো রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধের প্রস্তাব দিলেও সরকার আরও কঠোর সিদ্ধান্ত নিয়ে সন্ধ্যা ৬টার সময়সীমা নির্ধারণ করেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সময়সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ