ব্যয় বৃদ্ধির চাপে দেশের ৭০ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান: এইচএসবিসির জরিপ
জ্বালানি খরচকে ব্যবসা পরিচালনার সবচেয়ে বড় চাপ হিসেবে দেখছে বাংলাদেশের অর্ধেক প্রতিষ্ঠান। একই সঙ্গে কাঁচামালের দাম বাড়াকে বড় চ্যালেঞ্জ মনে করছে ৪৯ শতাংশ। এইচএসবিসির এক বৈশ্বিক জরিপে এ চিত্র উঠে এসেছে।
রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’-এর বাংলাদেশ-সংক্রান্ত অংশে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ প্রতিষ্ঠান ইতিমধ্যে সামগ্রিক ব্যয় বৃদ্ধির মুখে পড়েছে। আগামী দুই বছরে এ খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করছে ৭৬ শতাংশ। ২০২৫ সালের পর থেকে চলতি মূলধনের চাহিদা বেড়েছে ৬৪ শতাংশ প্রতিষ্ঠানের।
বিশ্বের ২৬টি দেশের ১০ হাজার শীর্ষ ব্যবসায়ী নির্বাহীর মতামত নিয়ে জরিপটি করা হয়েছে। এইচএসবিসির পক্ষে এটি পরিচালনা করেছে ব্রিটিশ পোলিং কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠান সাভান্তা। ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলে জরিপের কাজ। এইচএসবিসি বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
শুল্ক ও আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তাও বাংলাদেশের ব্যবসায় প্রভাব ফেলছে। ৩১ শতাংশ প্রতিষ্ঠান বলেছে, এতে তাদের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩২ শতাংশ প্রতিষ্ঠানের আয় কমেছে। আগামী দুই বছরে আয় আরও কমার শঙ্কা করছে ৩৭ শতাংশ, যেখানে বৈশ্বিক গড় ২৮ শতাংশ।
এ অবস্থায় সরবরাহ ব্যবস্থা নতুন করে সাজাচ্ছে অনেক প্রতিষ্ঠান। ৫৫ শতাংশ বাংলাদেশি প্রতিষ্ঠান উৎপাদন ও সরবরাহ কার্যক্রম পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে, বৈশ্বিক গড় ৩৬ শতাংশ। চীনের পাশাপাশি বিকল্প উৎস ও বাজার তৈরির ‘চায়না প্লাস ওয়ান’ কৌশল নিয়েছে ৫৭ শতাংশ, এ ক্ষেত্রেও বৈশ্বিক গড় ৩৬ শতাংশ।
চাপের মধ্যেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা। আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্য বাড়বে বলে আত্মবিশ্বাসী ৯১ শতাংশ, যাদের ৫৬ শতাংশ ‘অত্যন্ত আত্মবিশ্বাসী’। ৯০ শতাংশ প্রতিষ্ঠান মনে করে, ঝুঁকি সামলাতে নেওয়া পদক্ষেপ কাজে দিয়েছে। এতে নগদ অর্থপ্রবাহ ও চলতি মূলধনের অবস্থা ভালো হয়েছে বলে জানিয়েছে ৮১ শতাংশ।
প্রযুক্তি ব্যবহারেও এগিয়ে আছে দেশের প্রতিষ্ঠানগুলো। জরিপে অংশ নেওয়া ৮৬ শতাংশ প্রতিষ্ঠান বাণিজ্যসংক্রান্ত অন্তত একটি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু করেছে। প্রযুক্তি অবকাঠামোতে বিনিয়োগ বাড়লে পণ্যের চাহিদা বাড়বে বলে মনে করে ৮০ শতাংশ। এআই ব্যবহারে জবাবদিহি ও তদারকির জন্য জরিপে ১০টি সুশাসন-ব্যবস্থা চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো গড়ে এর ৪০ শতাংশ বাস্তবায়ন করেছে, বৈশ্বিক গড় ৩৫ শতাংশ।
বৈশ্বিক চিত্রেও জ্বালানি ব্যয় সামনের সারিতে। গত ছয় মাসে ব্যয় বাড়ার প্রধান কারণ হিসেবে জ্বালানিকে চিহ্নিত করেছে ৪৪ শতাংশ প্রতিষ্ঠান। এর পরে আছে শুল্ক (৪৩ শতাংশ) ও পণ্য পরিবহণ ব্যয় (৪১ শতাংশ)। বিশ্বব্যাপী ৬৮ শতাংশ প্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধির কথা জানিয়েছে, আর আগামী দুই বছরে তা আরও বাড়বে বলে মনে করছে ৭২ শতাংশ। সরবরাহ অনিশ্চয়তার কারণে ২০২৫ সালের পর চলতি মূলধনের চাহিদা বেড়েছে ৫৯ শতাংশের।
মতামত দিন