Views Bangladesh Logo

মৌসুমের আগেই পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ

মৌসুম শুরুর আগেই পঞ্চগড়ের আকাশে দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। অনুকূল আবহাওয়া ও মেঘমুক্ত আকাশের কারণে সীমান্তবর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার খালি চোখেই দেখা গেছে বরফে ঢাকা এই পর্বতচূড়া। আগস্টের শুরুতেই সকাল ১০টার দিকে কাঞ্চনজঙ্ঘার এমন পরিষ্কার দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। অনেকেই সেই দৃশ্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

ভোরের আলো কিংবা বিকেলের শেষ সূর্যের রশ্মি বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়লে বদলে যায় পর্বতচূড়ার রূপ। সূর্যের অবস্থান ও আলোর তারতম্যের কারণে কখনো সাদা, কখনো গোলাপি আবার কখনো লালচে আভায় দেখা যায় এই পর্বতশৃঙ্গ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় সেই দৃশ্য। সাধারণত শীত মৌসুমেই পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে পরিষ্কার ও মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়।

কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রয়েছে আরও বেশ কিছু প্রাকৃতিক আকর্ষণ। তেঁতুলিয়া ডাকবাংলো এলাকা থেকে সন্ধ্যার পর ভারতের দার্জিলিং ও শিলিগুড়ির পাহাড়ি এলাকার আলো দেখা যায়। দিনে কাঞ্চনজঙ্ঘার বরফঢাকা চূড়া আর সন্ধ্যায় দূর পাহাড়ের আলোর মায়াবী দৃশ্য পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করে।

বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নেপালের দূরত্ব প্রায় ৬১ কিলোমিটার, ভুটান ৬৪ কিলোমিটার, দার্জিলিং ৫৮ কিলোমিটার এবং শিলিগুড়ি প্রায় ৮০ কিলোমিটার। ভারত, নেপাল ও ভুটানের কাছাকাছি অবস্থানের কারণে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকাগুলো দিন দিন দেশের পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

যেভাবে যাবেন
ঢাকার কমলাপুর থেকে আন্তনগর একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় যাওয়া যায়। ট্রেনভেদে জনপ্রতি ভাড়া প্রায় ৬৯৫ থেকে ১ হাজার ৬০০ টাকা। এ ছাড়া ঢাকার গাবতলী থেকেও দূরপাল্লার বাসে পঞ্চগড় যাওয়া যায়। এসি ও নন-এসি বাসভেদে ভাড়া প্রায় ৮৫০ থেকে ২ হাজার ৫০ টাকা।

পঞ্চগড় শহরে পৌঁছে বাস টার্মিনাল বা রেলস্টেশন থেকে লোকাল বাস, অটোরিকশা কিংবা প্রাইভেটকারে তেঁতুলিয়া, মহানন্দা নদীর পাড়, ডাকবাংলো ও বাংলাবান্ধাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়া যায়।

তবে কাঞ্চনজঙ্ঘা দেখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার আকাশ। আকাশ মেঘমুক্ত থাকলে ভোর কিংবা বিকেলের দিকে দূর দিগন্তে চোখ রাখলেই মিলতে পারে বরফে ঢাকা এই অপরূপ পর্বতশৃঙ্গের দেখা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ