Views Bangladesh Logo

‘মদ না দেওয়ায়’ কর্মচারীকে পুড়িয়ে হত্যা, পরে সেই দোকানে তালা

বিনামূল্যে ১০ লিটার মদ না দেওয়ায় নরসিংদী শহরে একটি দেশীয় মদের দোকানের কর্মচারীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর দুপুরে ওই দোকানে বিনামূল্যে ১০ লিটার মদ দাবি করেন আবাসিক হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকারসহ কয়েকজন। মদ না দেওয়ায় দোকানের কাউন্টারে থাকা কর্মচারী তানভীর আহমেদ রাব্বির (৩০) শরীরে প্রকাশ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সেখানে আইসিইউতে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাব্বির মা মিনু বেগম বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। মামলার প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর সরকার ও কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় নরসিংদী জেলা যুবদল সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ এবং জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ দোকানটিতে তালা লাগিয়ে দেন।

মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, অবাধ মাদক ব্যবসার কারণে শহরে চুরি, ছিনতাই ও রাহাজানির মতো অপরাধ বেড়ে গেছে। নেশার জন্য প্রকাশ্যে একজন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটেছে। একটি গণতান্ত্রিক ও সভ্য দেশে এ ধরনের ঘটনা হতে পারে না। নরসিংদী সরকারি কলেজসহ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি মাদক ব্যবসা পরিচালিত হওয়ায় শিক্ষার্থীরাও বিপথে যেতে পারে। তাই অপরাধ নিয়ন্ত্রণে শহরের মদের দোকান বন্ধের জোর দাবি জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে দেশীয় মদের দোকানের মালিক রুবেল মিয়া ও ম্যানেজার হাসেম মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান গণমাধ্যমকে বলেন, মদের দোকানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি হলে বা চুরি-ছিনতাই বেড়ে গেলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। তবে দোকানটির লাইসেন্স সরকারের একটি ভিন্ন দপ্তর ইস্যু করেছে। তাই দোকানটি স্থানান্তর বা বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকেই ব্যবস্থা নিতে হবে।

নরসিংদী সদর থানার এএসআই সাইফুল ইসলাম ভিউজ বাংলাদেশকে বলেন, মদের দোকানের কর্মচারীকে পুড়িয়ে হত্যার ঘটনা সত্য। বাকি ঘটনা আমি বলতে পারব না। সেটা ওসি বলতে পারবেন বিস্তারিত।

এ বিষয়ে নরসিংদী সদর থানার ওসি এ আর মামুন ভিউজ বাংলাদেশকে বলেন, ১০ লিটার মদ না দেওয়া মদের দোকানের কর্মচারীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। তার মা মামলা করেছেন। এ ঘটনায় আমরা দুজনকে গ্রেপ্তার করেছি।

ঘটনায় জড়িতরা কোনো রাজনৈতিক দলের কিনা-এমন প্রশ্নে তিনি বলেন, না, তারা কোনো রাজনৈতিক দলের নয়।

জেলা যুবদলের সভাপতির নেতৃত্বে মদের দোকানে তালা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ওটা তো আগে থেকেই বন্ধ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ