এমি জয়ী নির্মাতা জেমস বারোজ আর নেই
টেলিভিশন কমেডির স্বর্ণযুগ গড়ে তোলা কিংবদন্তি নির্মাতা ও পরিচালক জেমস বারোজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
পরিবারের পক্ষ থেকে মার্কিন গণমাধ্যম পিপলকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, তিনি পরিবারের সদস্যদের পাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
জেমস বারোজ ছিলেন টেলিভিশন ইতিহাসের অন্যতম প্রভাবশালী নির্মাতা। তার পরিচালনায় নির্মিত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘চিয়ার্স’, ‘ট্যাক্সি’, ‘ফ্রেন্ডস’ এবং ‘উইল অ্যান্ড গ্রেস’। এসব সিরিজের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে দর্শকদের হাসির নতুন ভাষা উপহার দেন।
বিশেষ করে ‘ফ্রেন্ডস’-এর মতো আইকনিক সিরিজের সঙ্গে তার নাম জড়িয়ে আছে, যা এখনো বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তিনি এক হাজারেরও বেশি টেলিভিশন পর্ব পরিচালনা করেছেন, যা তাকে কমেডি টেলিভিশনের ইতিহাসে অনন্য অবস্থানে পৌঁছে দেয়।
১৯৭০-এর দশকে টেলিভিশন জগতে যাত্রা শুরু করা বারোজ প্রথম বড় সাফল্য পান ‘দ্য মেরি টাইলার মুর শো’-এর মাধ্যমে। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন আমেরিকান সিটকম জগতের সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রভাবশালী নামগুলোর একটি।
১৯৪০ সালের ৩০ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া এই নির্মাতার বেড়ে ওঠা ছিল থিয়েটার-ঘন পরিবেশে। তাঁর বাবা এব বারোজ ছিলেন একজন নাট্যকার, যার প্রভাবেই ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়।
মতামত দিন