জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ
পুলিশ বাহিনীতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার জানা মতে, ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো এখন অবৈধ হিসেবে গণ্য হবে। এগুলো নিয়ে মামলা হতে পারে এবং যথাযথ প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করা হবে।
তিনি আরও জানান, বিগত সরকারের আমলে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।
সালাউদ্দিন বলেন, লাইসেন্সগুলো যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছিল কিনা, তা আমরা খতিয়ে দেখব। যারা লাইসেন্স পেয়েছেন, তারা প্রকৃতপক্ষে উপযুক্ত ছিলেন কিনা, সেটিও যাচাই করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ‘রাজনৈতিক উদ্দেশ্যে যদি কোনো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়ে থাকে, সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রও বাতিল হবে।’
তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করাই সরকারের লক্ষ্য। পুলিশ বাহিনীকে আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে