সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, ইভ টিজিং প্রতিরোধ, ‘র্যাগ ডে’-এর নামে বিশৃঙ্খলা বন্ধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করার জন্য গৃহীত পদক্ষেপের তথ্য জানাতে বলা হয়েছে। এসব তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে।
রোববার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে। চিঠিটি মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে প্রচার জোরদার করা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রণীত মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়।
এছাড়া ইভটিজিং প্রতিরোধ, ‘র্যাগ ডে’ নামের অরাজকতা বন্ধ এবং শিক্ষার্থীদের রাতের বেলায় পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতা কার্যক্রম গ্রহণের অগ্রগতি সংক্রান্ত তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে [director.mew@gmail.com](mailto:director.mew@gmail.com) ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
এ প্রেক্ষিতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের তাদের অধীন জেলার ও উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করে নির্ধারিত ফরম্যাট অনুযায়ী সমন্বিতভাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে সংশ্লিষ্ট অঞ্চলের নাম, ওই অঞ্চলের অধীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, নির্দেশনা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন না করা প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে), বাস্তবায়ন না হওয়ার কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য উল্লেখ করতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে