চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৭ আগস্ট) এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় দূতাবাসটি। বিজ্ঞপ্তিতে দূতাবাস বলেছে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও সেখানে প্রকাশিত বা শেয়ার করা বিভিন্ন ধরনের কনটেন্ট থেকে অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই অনলাইনে কোনো তথ্য প্রকাশের আগে বিষয়টি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও প্রকাশের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে। সংশ্লিষ্ট দেশের আইন লঙ্ঘন করতে পারে, এমন কোনো তথ্য বা কনটেন্ট প্রকাশ কিংবা শেয়ার না করার জন্যও বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে এমন কোনো কনটেন্ট থেকে বিরত থাকা উচিত। একই সঙ্গে কোনো পোস্ট বা বার্তার মাধ্যমে সহিংসতা কিংবা উগ্রবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন প্রকাশ পাচ্ছে কি না, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, প্রতিটি দেশের সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। দায়িত্বশীল আচরণ করলে সম্ভাব্য আইনি জটিলতা এড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট দেশে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব।
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় থাকা বাংলাদেশিদের অনলাইনে তথ্যভিত্তিক ও সচেতন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের মতে, বিদেশে বাংলাদেশি নাগরিকদের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখার ক্ষেত্রেও অনলাইন আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মতামত দিন