Views Bangladesh Logo

রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের যুদ্ধে না জড়ানোর কড়া সতর্কবার্তা দূতাবাসের

রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মী ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভনে পড়ে যুদ্ধে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি দূতাবাসের শ্রম কল্যাণ উইং জারি করা এক জরুরি সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

শুক্রবার (৩১ জুলাই) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, কিছু অসাধু চক্র অতিরিক্ত অর্থ, বিদেশি নাগরিকত্ব ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি প্রবাসীদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুরুতে পেছনের সারিতে কাজের আশ্বাস দেওয়া হলেও পরে প্রতারণার মাধ্যমে তাদের ড্রোন হামলাসহ অত্যন্ত ঝুঁকিপূর্ণ সম্মুখসারির দায়িত্বে ঠেলে দেওয়া হচ্ছে।

দূতাবাস জানায়, যাচাই-বাছাই ছাড়া ‘সার্ভিস ভিসা’ ব্যবহার করে ভ্রমণ করা কিংবা দূতাবাসের সত্যায়নহীন চাহিদাপত্রের ভিত্তিতে চাকরি গ্রহণ থেকে বিরত থাকতে হবে। প্রাথমিকভাবে কম বেতন পাওয়ায় বেশি আয়ের আশায় অনেকেই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, যা তাদের এবং তাদের পরিবারের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, রাশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কিছু বিদেশি শিক্ষার্থীকে ড্রোন পরিচালনা, ড্রোন সংযোজন ও গোয়েন্দা কার্যক্রমে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে ব্যবহার করার তথ্য পাওয়া গেছে। তাই পড়াশোনার উদ্দেশ্যে রাশিয়ায় গিয়ে কোনো ধরনের সামরিক বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া পার্টটাইম চাকরি করা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করা কিংবা এক প্রতিষ্ঠানের ভিসা নিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করা রাশিয়ার আইনে গুরুতর দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করেছে দূতাবাস। পাশাপাশি মাদক সেবন ও যেকোনো ধরনের হয়রানিমূলক আচরণ থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘনকারী প্রবাসীদের কোনো আইনি সহায়তা দেওয়া হবে না। তাই সব ধরনের প্রলোভন এড়িয়ে বৈধ কর্মসংস্থানে থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো প্রস্তাব বা আইনি জটিলতায় পড়লে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ