দূতাবাসে ই-মেইলে হুমকি ভুয়া গ্রুপের কাজ: ডিবি
ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবির ঘটনাকে একটি ‘ভুয়া গ্রুপের কাজ’ বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ইন্টারনেটের মাধ্যমে একটি ভুয়া গ্রুপ এই কাজ করছে। ই-মেইলে চাঁদা পাঠানোর জন্য যেসব বিকাশ নম্বর দেওয়া হয়েছিল, সেগুলোর সূত্র ধরে তিন-চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। তবে তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন এবং বিষয়টি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।
ডিবি প্রধান জানান, তিন-চারটি দূতাবাসের পাশাপাশি সরকারি কয়েকটি দপ্তরেও একই ধরনের ই-মেইল পাঠিয়ে হুমকি ও চাঁদা দাবি করা হয়েছে।
এটি নিছক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম বলেন, পূর্বশত্রুতা, দেশের ভাবমূর্তি নষ্ট করা কিংবা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
ঘটনার সঙ্গে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ডিবি প্রধান আরও বলেন, যেকোনো ঘটনা ঘটলে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং তারা আশাবাদী, দ্রুতই এ ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
মতামত দিন