Views Bangladesh Logo

এবার ৮০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁলেন ইলন মাস্ক

 VB  Desk

ভিবি ডেস্ক

ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের সম্পদ মাইলফলক অতিক্রম করলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার রকেট কোম্পানি স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সএআই অধিগ্রহণ করার পরই এই রেকর্ড গড়েন মাস্ক।

ফোর্বস ম্যাগাজিনের হিসাবে, একীভূত এই চুক্তিতে যৌথ প্রতিষ্ঠানের মূল্যায়ন দাঁড়িয়েছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। ফলে এক ধাক্কায় মাস্কের সম্পদ বেড়েছে ৮৪ বিলিয়ন ডলার। সব মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ এখন রেকর্ড ৮৫২ বিলিয়ন ডলার।

চুক্তির আগে স্পেসএক্সে মাস্কের মালিকানা ছিল আনুমানিক ৪২ শতাংশ, যার বাজারমূল্য ছিল ৩৩৬ বিলিয়ন ডলার। গত ডিসেম্বরে দরপত্রের ভিত্তিতে ব্যক্তিমালিকানাধীন এই রকেট কোম্পানির মোট মূল্যায়ন ধরা হয়েছিল ৮০০ বিলিয়ন ডলার। একই সময়ে এক্সএআইয়ের জন্য একটি বেসরকারি তহবিল সংগ্রহ করা হয়, যেখানে কোম্পানিটির মূল্যায়ন নির্ধারিত হয় ২৫০ বিলিয়ন ডলার। সে হিসাবে এক্সএআইয়ে মাস্কের প্রায় ৪৯ শতাংশ মালিকানার মূল্য দাঁড়ায় ১২২ বিলিয়ন ডলার।

একীভূতকরণের পর স্পেসএক্সের মূল্যায়ন করা হয়েছে এক ট্রিলিয়ন ডলার এবং এক্সএআইয়ের ২৫০ বিলিয়ন ডলার। ফোর্বসের তথ্য অনুযায়ী, যৌথ কোম্পানিতে মাস্কের বর্তমান মালিকানা প্রায় ৪৩ শতাংশ, যার বাজারমূল্য ৫৪২ বিলিয়ন ডলার। ফলে স্পেসএক্সই এখন তার সবচেয়ে মূল্যবান সম্পদ।

এ ছাড়া টেসলায় মাস্কের প্রায় ১২ শতাংশ শেয়ার রয়েছে, যার মূল্য আনুমানিক ১৭৮ বিলিয়ন ডলার। টেসলার শেয়ার অপশন রয়েছে আরও প্রায় ১২৪ বিলিয়ন ডলারের। তবে এর মধ্যে গত নভেম্বর মাসে অনুমোদিত তার রেকর্ড পারিশ্রমিক প্যাকেজ অন্তর্ভুক্ত হয়নি।

এক বছরেরও কম সময়ে এটি ইলন মাস্কের কোম্পানি একীভূত করার দ্বিতীয় ঘটনা। এর আগে গত মার্চে তিনি এক্সএআই ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স একীভূত করার ঘোষণা দেন। সে সময় এক্সএআইয়ের মূল্যায়ন ধরা হয়েছিল ৮০ বিলিয়ন ডলার এবং এক্সের ৩৩ বিলিয়ন ডলার—যা ২০২২ সালে ঋণ বাদ দিয়ে টুইটার কেনার সময় মাস্ক যে অর্থ ব্যয় করেছিলেন, তার প্রায় সমান।

তবে এসব চুক্তিতে মাস্ক একই সঙ্গে ক্রেতা ও বিক্রেতার ভূমিকায় থাকায় ঘোষিত মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। বর্তমানে সব প্রতিষ্ঠানই স্পেসএক্সের কাঠামোর আওতায় এসেছে। এদিকে চলতি বছরের শেষ দিকে স্পেসএক্সের আইপিও আনার প্রস্তুতিও চলছে। ফলে খুব শিগগিরই এসব কোম্পানিকে শেয়ারবাজারের কঠোর নজরদারির মুখোমুখি হতে হবে।

এর আগে গত ডিসেম্বরে ইলন মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের সম্পদমাইলফলক অতিক্রম করেছিলেন। বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্ট একাডেমির পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের মধ্যেই তিনি ট্রিলিয়নিয়ার—এক ট্রিলিয়ন ডলারের মালিক—হতে পারেন। সেই পথেই দ্রুত এগিয়ে চলেছেন ইলন মাস্ক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ