Views Bangladesh Logo

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচনী বিধি অনুযায়ী তাঁকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়। উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

ইসি সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে শুধু এলিজা জামানই মনোনয়নপত্র দাখিল করেন। ২৭ অক্টোবর যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরপর রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় থাকলেও তিনি তা প্রত্যাহার করেননি। ফলে একক প্রার্থী হিসেবে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(১) ধারা অনুসারে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান জানান, আইন অনুযায়ী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে। গেজেট প্রকাশের পর শপথ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। পরে তাঁর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

শূন্য আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন পড়ছে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ