ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর অসত্য, আছেন সুস্থ
ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে তার পরিবার ও নিসচা সূত্র। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ইলিয়াস কাঞ্চনের পরিবার জানিয়েছে, একশ্রেণির অসাধু ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে পরিবারটি বলেছে, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা যৌথ বিবৃতিতে এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে এই গুজবের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
নিসচার নেতারা বলেন, দুর্ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়ে চূড়ান্ত সত্যতা যাচাই না করে কোনো তথ্য প্রকাশ করা অত্যন্ত অনৈতিক। যাচাই ছাড়া এমন সংবাদ ছড়িয়ে পড়ায় ইলিয়াস কাঞ্চনের পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে তিনি লন্ডনে যান। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকরা জানান, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে তার কেমোথেরাপি ও ওরাল থেরাপি চলছে।
মতামত দিন