Views Bangladesh Logo

পদ্মা সেতুতে চালু হচ্ছে ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা

 VB  Desk

ভিবি ডেস্ক

যাত্রীদের যাতায়াত আরও দ্রুত ও সহজ করতে পদ্মা সেতুতে চালু হতে যাচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা। এই আধুনিক প্রযুক্তিনির্ভর টোল ব্যবস্থার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

এই উদ্দেশ্যে বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনটি বাণিজ্যিক ব্যাংক ও একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সেতু কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হলো— পূবালী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। সেতু কর্তৃপক্ষের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্মসচিব খন্দকার নূরুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. রবিউল আলম, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, ডাচ-বাংলা ব্যাংকের সিনিয়র নির্বাহী সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ এবং নগদের চিফ স্ট্র্যাটেজি অফিসার মো. মুইজ তাসনিম তাকি।

মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবীর খানের নির্দেশনায় এই উদ্যোগ নেয়া হয়েছে যাতে টোল আদায় আরও দ্রুত, সহজ ও সেবা উন্নত হয়।’

তিনি জানান, পদ্মা সেতুতে ইটিসি চালু হওয়ায় সারাদেশে প্রযুক্তিনির্ভর টোল ব্যবস্থার দিকে বড় অগ্রগতি ঘটলো। ভবিষ্যতে এই ব্যবস্থা যমুনা সেতু ও কর্ণফুলী টানেলেও চালু করা হবে।

অনুষ্ঠানে সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ