Views Bangladesh Logo

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন

দেশের রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা করতে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৫২ কিলোমিটার দীর্ঘ এই রুটে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালানোর জন্য ৩ হাজার ৮২৩ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদনের জন্য আগামী বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের কথা রয়েছে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) থেকে উন্নয়ন সহায়তা হিসেবে ২ হাজার ৮৮০ কোটি টাকা পাওয়ার কথা রয়েছে। ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে ঢাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের মধ্যে দ্রুত ও পরিবেশবান্ধব রেল যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।

প্রস্তাবিত প্রকল্পে বর্তমান ডিজেলচালিত ট্রেন ব্যবস্থার পরিবর্তে বৈদ্যুতিক ট্রেন চালু করা হবে। এ জন্য রেললাইনের ওপর বৈদ্যুতিক তার বা ওভারহেড ওয়্যার স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের জন্য ট্রাকশন সাবস্টেশন নির্মাণ করা হবে। আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ), বৈদ্যুতিক লোকোমোটিভ এবং কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থাও প্রকল্পের আওতায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সরকারি প্রস্তাবনায় বলা হয়েছে, বিদ্যুৎচালিত ট্রেন ডিজেলচালিত ট্রেনের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী। পাশাপাশি দ্রুতগতিতে চলা ও দ্রুত থামার সক্ষমতার কারণে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। প্রকল্প বাস্তবায়িত হলে পরিচালন ব্যয় প্রায় ৩৫ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে কার্বন নিঃসরণও ২০ থেকে ৩০ শতাংশ কমানোর সম্ভাবনা রয়েছে।

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল অঞ্চল হওয়ায় এসব এলাকার মধ্যে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। সড়কে যানবাহনের চাপ ও দীর্ঘ যানজটের কারণে এ অঞ্চলে রেলকে কার্যকর গণপরিবহন হিসেবে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, বৈদ্যুতিক ট্রেন চালু হলে যাত্রীদের জন্য দ্রুত, নিরাপদ ও তুলনামূলক কম খরচের যাতায়াত ব্যবস্থা তৈরি হবে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগের কথা জানিয়েছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রাকশন চালুর জন্য সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশার কাজ শেষ হয়েছে। অর্থায়ন নিশ্চিত হওয়ার পর ওই প্রকল্পের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সময়সূচি নির্ধারণ করা হবে। ফলে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটের পর দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রেলপথেও ধাপে ধাপে বৈদ্যুতিক ট্রেন চালুর সম্ভাবনা তৈরি হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ