ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে অতিদ্রুত নির্বাচন প্রত্যাশা করছি: মির্জা ফখরুল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা আশা করব, খুব দ্রুত এই সংস্কারের ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে। সেটার ওপর ভিত্তি করে অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।'
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমিশনের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যাশার কথা জানান।
ফখরুল বলেন, 'প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছিলেন। এই সভায় তিনি সংস্কারের যে প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা প্রয়োজন সেই ব্যাপারে কথা বলেছেন।'
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন, এই সংস্কারের যে রিপোর্ট কমিশনগুলো জমা দিয়েছে, সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো কথা বলবে কমিশনের সঙ্গে এবং ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, 'আমরা আগেই বলেছি, জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে