যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে: আসিফ নজরুল
অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার সচিবালয়ে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
তিনি বলেন, আমরা অত্যাবশ্যক কিছু সংস্কারের পর যত দ্রুত সম্ভব নির্বাচন করব। আমরা আর অতীতের মতো ভুয়া নির্বাচন চাই না, কেউ যেন জিতে আরেকটি ভুয়া নির্বাচন করার সুযোগ না পায়, সেটাও নিশ্চিত করতে চাই।
আইন উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ সদস্যই যত দ্রুত সম্ভব নিজ নিজ পেশায় ফিরে যেতে আগ্রহী।
আসিফ নজরুলের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রাজনৈতিক দলগুলো চাইলে কোনো সংস্কার ছাড়াই নির্বাচন প্রস্তুতির কাজ এগিয়ে নিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে