দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনিয়ম ও সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল।
সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ৫৯টি জালভোট দেওয়ার ঘটনা এবং ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ১৪টি কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
দেশের বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত ১৩৫ স্থানে। এ ছাড়া ৬ জন প্রার্থীকে মারধরের অভিযোগ রয়েছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি কেন্দ্রে।
নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতার মধ্যে ৪টি স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে নির্বাচনে নিয়োজিত ৩৩ জন ব্যক্তির বিরুদ্ধে।
দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত এসব তথ্য নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে