Views Bangladesh Logo

নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হলে ষড়যন্ত্র করার সাহস পাবে না কেউ: বিএনপি

 VB  Desk

ভিবি ডেস্ক

কবার নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হয়ে গেলে কেউ আর ষড়যন্ত্র করার সাহস কেউ পাবে না বলে জানিয়েছে বিএনপি।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দেয়ার কথা বলেছি। জনগণ রোডম্যাপ পেয়ে নির্বাচনমুখী হয়ে গেলে যেসব ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, সেসব ষড়যন্ত্র আর কেউ করার সাহস পাবে না।

ড. খন্দকার মোশাররফ আরও বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। তাদের ষড়যন্ত্রকেও এই দেশের ছাত্র-জনতা সবাই মিলে আমরা মোকাবিলা করব।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের ইস্যু তৈরির বিষয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আমাদের সহযোগিতা চাওয়ার জন্য প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য লাখো মানুষের শাহাদাতের বিনিময়ে এই ডিসেম্বরে স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দায়িত্ব এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমাদের দেশের বিরুদ্ধে পতিত সরকার বিদেশ থেকে যে ষড়যন্ত্র করছে সেই ফ্যাসিস্ট, পতিত সরকারের বিরুদ্ধে সবাই ঐক্যমত্য পোষণ করেছেন।

বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্টা করা হচ্ছে অভিযোগ করে ড. খন্দকার মোশাররফ বলেন, আমরা সরকারের সঙ্গে ঐকমত্য পোষণ করেছি যে, জনগণ যেভাবে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, একইভাবে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র মোকাবিলা করব।

এর আগে একইদিন বিকেলে তার নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন। বিএনপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিকাল ৪টায় ওই বৈঠক শুরু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ