এ বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি জাপানের ব্রডকাস্টিং করপোরেশন (এনএইচকে)-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন।
৫ আগস্ট ছাত্র ও সাধারণ মানুষের গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপর ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানান, তিনি চান বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক এবং আরও শক্তিশালী হয়ে উঠুক। পাশাপাশি, নির্বাচিত ব্যক্তিরা যেন একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে কাজ করতে পারেন, সেটাও নিশ্চিত করতে চান।
তিনি বলেন, ‘আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখনকার পরিস্থিতির কথা যদি বলি, তবে আমি মনে করি, আমরা অনেক দূর এগিয়ে এসেছি। কারণ, তখন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো বিপর্যস্ত অবস্থায় ছিল। বিচারব্যবস্থাও ছিল অত্যন্ত দুর্বল।’
নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের জন্য সবচেয়ে নিকটবর্তী সময় হতে পারে এ বছরের শেষ। যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যারা নির্বাচিত হবেন, তারা একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে কাজ করার সুযোগ পাবেন।’
সাক্ষাৎকারে তিনি তরুণ প্রজন্মের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘তরুণরা তাদের সৃজনশীল ক্ষমতা প্রদর্শন করতে চায় এবং তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায়। আমরা এই লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছি, দেখা যাক কতদূর যেতে পারি।’
প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে