Views Bangladesh Logo

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ‘ভিজিল্যান্স টিম’ গঠন ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের স্বচ্ছতা জনগণের কাছে দৃশ্যমান করতে জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে বিশেষ ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’ গঠন করা হয়েছে।

এ বিষয়ে ইসি জানায়, প্রতিটি জেলা ও মেট্রোপলিটন এলাকায় রিটার্নিং অফিসারের নেতৃত্বে এই টিম কাজ করবে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি পর্যায়ের দলনিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে উপজেলা ও মেট্রোপলিটন থানা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বেও পৃথক ভিজিল্যান্স ও অবজারভেশন টিম কাজ করবে।

নির্বাচনকালীন সুশাসন নিশ্চিত করতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি ‘নির্বাচন মনিটরিং টিম’ গঠন করা হয়েছে। এই টিমের বিশেষত্ব হলো, এতে শুধু নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাই নন, বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর সরাসরি নজরদারির সুযোগ থাকবে।

এছাড়াও নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজগুলোকে আরও সুসংহত করতে একটি ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’ গঠন করা হয়েছে। রিটার্নিং অফিসারের নেতৃত্বে এই সেলটি পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করবে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ