Views Bangladesh Logo

স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের প্রস্তাব চূড়ান্ত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিদ্যমান আইন ও বিধিমালায় একাধিক পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের অনুমোদিত এসব প্রস্তাব দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনসংক্রান্ত আইন পর্যালোচনা করে সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

আখতার আহমেদ জানান, প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং যাদের ইউটিলিটি বিল বকেয়া রয়েছে, তারাও নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। কমিশন এসব প্রস্তাব অনুমোদন করেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেগুলো দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এনআইডি ও ভোটার তালিকা নিয়ে ইসির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন জ্যেষ্ঠ সচিব। তিনি বলেন, বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয়। পরে ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। তবে তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমিয়ে আনা যায় কি না, সে বিষয়ে কমিশন পর্যালোচনা করছে।

এসএসসি, অষ্টম শ্রেণি কিংবা প্রাথমিক পর্যায়; কোন স্তর থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে, তা তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভার দিনব্যাপী বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় চার নির্বাচন কমিশনার, জ্যেষ্ঠ সচিবসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ