বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন
শর্ত লঙ্ঘন করে অন্য দলকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য দেয়ায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্বাচন কমিশন থেকে এনআইডি তথ্য যাচাইয়ের সেবা নেয় ১৮৩টি সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান। বিসিসি এর মধ্যে একটি। গত ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য যাচাইয়ের বিষয়ে বিসিসি ও নির্বাচন কমিশনের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির শর্তানুসারে, দ্বিতীয় পক্ষ (বিসিসি) কোনো পরিস্থিতিতে অন্য কোনো ব্যক্তি, দল বা সংস্থাকে কমিশনের তথ্য হস্তান্তর, বিনিময়, বিক্রি বা সরবরাহ করতে পারবে না। তবে বিসিসি তা লঙ্ঘন করেছে’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিসির কাছে ৩ সেপ্টেম্বর এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলেও কোনো জবাব দেয়নি। পরে ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হলে বিসিসির দেয়া জবাব অসন্তোষজনক বলে গণ্য করে নির্বাচন কমিশন। অন্যদিকে বিসিসি চুক্তি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে প্রযোজ্য ফি/চার্জ পরিশোধ না করায় চুক্তিটি বাতিলযোগ্য বলে গণ্য করেছে নির্বাচন কমিশন’।
এতে জানানো হয়, ‘এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাইয়ের বিষয়ে গত ৪ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির যে চুক্তি হয়েছিল তা ২০ ডিসেম্বর বাতিল করা হয়েছে এবং এপিআই সংযোগ দেয়া হয়েছে। বিসিসি’র সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। চিঠি পাঠানোর ১৫ দিনের মধ্যে সমস্ত বকেয়া ফি/চার্জ পরিশোধ করে চালানের কপি জমা দিতে বিসিসিকে অনুরোধ জানানো হয়েছে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে