বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনের প্রচারণা শুরু আজ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আজ সোমবার (১৬ মার্চ)। আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত দুই আসনে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এর আগে রোববার (১৫ মার্চ) দুই আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিকতা শুরু হয়।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন ভোট স্থগিত করে। পরে নতুন তফসিল ঘোষণা করে উপনির্বাচনের আয়োজন করা হয়।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে সেখানে এখন চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।
অন্যদিকে বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হন। তবে একই সঙ্গে দুটি আসনের সংসদ সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল দেয় নির্বাচন কমিশন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে