শেষ হলো প্রার্থীদের নির্বাচনি প্রচারণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা শুক্রবার (৫ জানুয়ারি) সকালে শেষ হয়েছে। এদিন সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়। তবে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যেতে পারবেন প্রার্থীরা।
জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ এর ৭৮ ধারা অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে ও পরে নির্বাচনি এলাকায় কোনো জনসভা, পথসভা ও মিছিলে কোনো প্রার্থী যোগ দিতে পারবে না বলে জানিয়েছেন ইসি পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম।
এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমকে আরও বলেন, সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের শুক্রবার সকাল ৮টার আগে তাদের নির্বাচনি কার্যক্রম শেষ করতে হবে এবং এই সময়ের (৪৮ ঘন্টা) পরে তারা মাইক ব্যবহার করে ভোট চাইতে পারবেন না।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী সারাদেশে একযোগে ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। কারণ নওগাঁ-২ আসনের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা যাওয়ায় ২৯৯টি আসনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট এক হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৫৩৪ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন।
জাতীয় নির্বাচন উপলক্ষে ওইদিন (৭ জানুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে