অর্থনীতির ঘুরে দাঁড়াতে নির্বাচিত সরকারের প্রয়োজন: বিজিএমইএ সভাপতি
দেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তার মতে, অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে ও স্থিতিশীল করতে হলে দ্রুত একটি নির্বাচিত সরকার গঠন জরুরি।
সোমবার (৯ জুন) সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের সাহিদ প্যালেস হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মাহমুদ হাসান খান বাবু বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগকারীদের দ্বিধায় ফেলেছে। ফলে নতুন শিল্প স্থাপন কিংবা ব্যবসা সম্প্রসারণের আগ্রহ কমে গেছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন হলে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াবে।”
তিনি আরও জানান, চুয়াডাঙ্গায় একটি গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেখানে স্থানীয় বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। প্রশিক্ষণ শেষে এসব কর্মীদের বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে কাজের জন্য পাঠানোর উদ্যোগ নেয়া হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিডিচ্যামের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, জামান গ্রুপের এমডি আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, চুয়াডাঙ্গা প্রেস ক্লাব সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক নেতা সরদার আল আমীন, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাংবাদিক হুসাইন মালিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে