Views Bangladesh Logo

ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে সাফিয়া খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাফিয়া খাতুন উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার স্ত্রী ও খোরশেদ আলম প্রকাশ চারু মিয়ার মা। তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাফিয়া খাতুন আনুমানিক রাত তিনটার দিকে ঘর থেকে বের হয়ে বাথরুমে যায়। দীর্ঘক্ষণ পরও ঘরে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। ফজর নামাজের সময় স্থানীয় মসজিদের মাইকে তাকে না পাওয়ার ঘোষণাও দেওয়া হয়। এরপর সকাল ৬টার দিকে এলাকার সরাফত আলীর বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থা দেখা যায়। পরিবারের লোকজন মৃত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আউয়াল মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাফিয়া খাতুনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে বৃদ্ধার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ