Views Bangladesh Logo

পঞ্চগড়ে কালবৈশাখীর তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আহত ২

পঞ্চগড়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় এই ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে। এতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া বজ্রসহ বৃষ্টি ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে এবং রাত ১২টার পর তা কালবৈশাখীতে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী ঝড়ে জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সদর উপজেলার চানপাড়া এলাকায় ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়লে চাকাতি বালা (৬৫) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। তিনি তখন ঘরে একাই ছিলেন।

এ ছাড়া ধাক্কামারা ইউনিয়নের রেলওয়ে স্টেশন এলাকায় ঝড়ে একটি তিনতলা ভবনের ছাদের দেয়াল ভেঙে টিনের ঘরের ওপর পড়ে। এতে ময়নুল ইসলাম ও তার স্ত্রী খুকুমনি গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে এবং বহু টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে ভুট্টা, গম, শাকসবজি এবং আম-লিচুর মুকুলসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত এলাকায় বিচ্ছিন্নভাবে আরও ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয়দের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ