ভিক্ষুক সেজে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হাতুড়িপেটা, স্বর্ণের চেইন ছিনতাই
মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকায় ভিক্ষুকের ছদ্মবেশে একটি ফ্ল্যাটে ঢুকে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাজেরা বেগম নামে ৭০ বছর বয়সী ওই নারী আহত হয়েছেন। তাকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার উত্তর সেওতা এলাকার বায়তুল আমান ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
আহত হাজেরা বেগমের মেয়ে আলেয়া বেগম জানান, বেলা সাড়ে ১১টার দিকে বোরকা পরা এক ব্যক্তি তাদের বাসার গেটে এসে দরজায় কড়া নাড়েন। তার মা দরজা খুলে দিলে ওই ব্যক্তি হাতে থাকা হাতুড়ি দিয়ে আকস্মিকভাবে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। পরে মায়ের গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যান তিনি।
আলেয়া জানান, ওই ব্যক্তির হাতে একটি পলি ব্যাগ ছিল, যাতে সামান্য পরিমাণ চাল ছিল। এ কারণে তাকে ভিক্ষুক বলে ধারণা করা হয়েছিল। তবে দরজা খোলার পরই তিনি বৃদ্ধার ওপর হামলা চালান।
হামলার পর হাজেরা বেগম চিৎকার করলে পাশের বাসার লোকজন ছুটে এসে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে আলেয়া বাসায় গিয়ে মাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সময় ফ্ল্যাটে হাজেরা বেগম একাই ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, উত্তর সেওতা এলাকায় একটি ফ্ল্যাটে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে।
মতামত দিন