চট্টগ্রামে শিশুর গায়ে গরম পানি ঢালার অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধা
চট্টগ্রামের আনোয়ারায় এক শিশুর মাথায় গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নারী সায়েরা খাতুনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বটতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা করেন দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন।
আহত ওই শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১২ বছর বয়সী ওই শিশুটির বাবা ৯ বছর আগে এবং মা বেবী আকতার সাত বছর আগে মারা গেছেন। শিশুটি জুঁইদণ্ডী ইউনিয়নে নানাবাড়িতে বসবাস করত।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আরও কিছু শিশু-কিশোরের সঙ্গে ওই শিশুটি নানাবাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ (৬৫) নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু-কিশোরদের সবাই ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলে দুষ্টুমি শুরু করে। এতে এয়ার মোহাম্মদ ক্ষিপ্ত হলে শিশু-কিশোরদের কিছু না বলে ঘরে ঢুকে যান। কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাইয়ের স্ত্রী সায়েরা খাতুন (৬০) গরম পানি নিয়ে উঠানে আসেন। একপর্যায়ে এক শিশুর মাথায় গরম পানি ঢেলে দেন। এতে ওই শিশুটি মাটিতে গড়াগড়ি শুরু করে। এলাকার লোকজন প্রথমে তাকে বাড়ির পুকুরের পানিতে ভিজিয়ে আনোয়ারা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী শিশুর নানা আমির হোসেন বলেন, ‘মা–বাবা হারা আমার নাতিকে ঘরে রেখে লালন-পালন করছিলাম। বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলার সময় আমার চাচাতো ভাই এয়ার মোহাম্মদের সঙ্গে নানা হিসেবে দুষ্টুমি করেছে। কিন্তু এরপর গরম পানি দিয়ে নাতিটিকে ঝলসে দেওয়া হলো।’
ওসি মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় রোববার রাতে আহত পপির নানা আমির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে