Views Bangladesh Logo

খাবার খাওয়ানোর কথা বলে হাসপাতাল থেকে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে খাবার খাওয়ানোর কথা বলে ৬০ বছরের এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদরের কৃষ্ণকাঠি গ্রামের মোবারক আলী শিকদারের ছেলে বেল্লাল শিকদার এবং বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে নাসির মল্লিক। পুলিশ জানিয়েছে, নাসির ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক এবং বেল্লাল অটোরিকশাচালক।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে করে হাসপাতালসংলগ্ন একটি অজ্ঞাত স্থানে নিয়ে দুই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

মঙ্গলবার ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করে এবং বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে বেল্লাল ও নাসিরকে গ্রেফতার করা হয়।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ভুক্তভোগী নারী হাসপাতালে ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর থানার পরিদর্শক মেহেদী হাসান বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ