Views Bangladesh Logo

শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ অবশেষে পরিবারের কাছে ফিরলেন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কথিত ‘পুশইন’ ঘটনাকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা এক বৃদ্ধকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জুন) কামালপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে বকশীগঞ্জ থানায় নিয়ে যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, তিনি প্রায় দুই মাস ধরে নিখোঁজ ছিলেন।

গত প্রায় ২৪ ঘণ্টা তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে তার পরিচয় শনাক্তে সহায়তা পাওয়া যায়।

ভিডিও দেখে পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে থানায় নেওয়া হয় এবং সেখানে স্বজনরা তাকে শনাক্ত করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃদ্ধের পরিবারের সদস্যরা জাতীয় পরিচয়পত্রসহ থানায় উপস্থিত হয়ে পরিচয় নিশ্চিত করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তবে তিনি কীভাবে সীমান্ত এলাকায় পৌঁছালেন, সে বিষয়ে পরিবারের সদস্যরাও স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ