চট্টগ্রামে ‘গরু চোরের’ গুলিতে বৃদ্ধ নিহত
চট্টগ্রামের চন্দনাইশে ‘গরু চোরের’ গুলিতে চন্দন দে (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বদুর পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর পৌনে ৫টার দিকে একটি হায়েস মাইক্রোবাসে করে চোরের একটি দল চন্দন দে’র বাড়িতে হানা দেয়। তার গোয়ালঘরে থাকা দুটি গরুর মধ্যে একটি মাইক্রোবাসে তোলার সময় গরুগুলো ডাকাডাকি শুরু করলে চন্দন ঘর থেকে বের হয়ে আসেন।
এ সময় চোরদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, চোরের দল চন্দনের গোয়ালঘর থেকে দুটি গরু নেওয়ার চেষ্টা করেছিল। টের পেয়ে যাওয়ায় বড় গরুটি ফেলে রেখে ছোটটি নিয়ে যায় তারা। পাশাপাশি পাশের একটি ঘর থেকেও দুটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে