Views Bangladesh Logo

কক্সবাজারে মাদকাসক্ত ছেলের হামলায় বৃদ্ধ বাবা নিহত

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় মাদকাসক্ত ছেলের হামলায় খলিলুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান স্থানীয় বাসিন্দা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনারকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র নিয়ে বাবার ওপর হামলা চালান মিনার। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় খলিলুর রহমানকে। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মিনারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল এবং তিনি কয়েক মাস কারাভোগও করেন।

ওসি আরও জানান, জামিনে মুক্ত হওয়ার পর শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাবার ওপর হামলা চালান মিনার। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ