কক্সবাজারে ছয় বছরের শিশুকে ধর্ষণ, বৃদ্ধ আটক
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় শিশুটিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কামাল উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন এবং তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল মোমেন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত কামাল উদ্দিন পলাতক ছিল। পরে পুলিশ অভিযানে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, ধর্ষণের বিষয়ে জেনেছি। ঘটনাটি সত্য। পুলিশের টিম মাঠে সক্রিয় আছে এবং অভিযুক্ত আসামীকে তিন ঘণ্টার অভিযানে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে