নাটোরে শিশুধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১৭ জুন) রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে বাড়ির আঙিনায় খেলতে থাকা পাঁচ বছর বয়সী এক শিশুকে কৌশলে নিজের ঘরে নিয়ে যান প্রতিবেশী জালাল উদ্দিন। পরে সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর শিশুটির মা গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ এবং উপস্থাপিত প্রমাণ পর্যালোচনার পর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
রায় ঘোষণার পর মামলার আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ সন্তোষ প্রকাশ করে বলেন, শিশু ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ প্রতিরোধে কঠোর শাস্তি অপরিহার্য।
মতামত দিন