মানিকগঞ্জে ভোটকেন্দ্রে বৃদ্ধের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে এসে বাবু (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভোট দিতে কেন্দ্রে আসেন বাবু। ভোটারের স্লিপ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিষা রানী কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে